
আটপাড়া প্রতিনিধি. নেত্রকোণার আটপাড়ায় মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব মিয়া। তিনি ওই উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছোট ছেলে।
শনিবার (২৫ এপ্রিল) মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গাবরতলা গ্রামে হেলিকপ্টার নিয়ে বর সেজে বিয়ে করতে যান প্রবাসী রাজিব মিয়া।
এর আগে দুপুরে আটপাড়ার কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টারটি দেখতে সেখানে ভিড় জমান। কনে গাবরতলা গ্রামের সাখাওয়াত মিয়ার কন্যা জুতি আক্তার।
পারিবারিকভাবে এই বিয়ে হচ্ছে জানিয়ে প্রবাসী বর রাজিব মিয়া বলেন, আমি মালয়েশিয়ায় থাকি। ১০ ভাই ও বোনের মধ্যে সবার ছোট আমি। আমার মা ইচ্ছাপোষণ করেছিল,আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই আমি মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি।
রাজিবের বড় ভাই ঝুটন মিয়া বলেন, রাজিব আমাদের পরিবারে সবার ছোট। মা ইচ্ছা পোষণ করেছিলেন। রাজিব বাস্তবায়ন করেছে। আমরা এতে খুবই খুশি। হেলিকপ্টার চড়ে বিয়ে করার বিষয়টি এলাকার মানুষ খুব উপভোগ করেছে।
আপনার মতামত লিখুন :