
বিশেষ প্রতিনিধি. ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে আবুনি রাজভর ওরফে রুকশি (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত আবুনি রাজভর ওই এলাকার বাসিন্দা শ্যামলাল রাজভরের স্ত্রী। আর অভিযুক্ত ছেলের নাম শ্যামল রাজভর (২৪)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগরা নদীর তীরে একটি টিনশেড ঘরে বসবাস করতেন আবুনি রাজভর। তার ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ার পর মানসিকভাবে কিছুটা বিকাল গ্রস্ত ছিলেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শ্যামল তার মায়ের কাছে ভাত খেতে চান। এ সময় কিছুক্ষণ অপেক্ষা করতে বললে শ্যামল ক্ষিপ্ত হয়ে মাকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে আবুনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে কিছুক্ষণের মধ্যে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের খবর দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আপনার মতামত লিখুন :