
বিশেষ প্রতিনিধি. শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে নেত্রকোনা শহরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট আটটি ক্লাবের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এসব ক্লাবের উদ্বোধন করেন।


নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করা হয়। পরে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে আরও চারটি নতুন ক্লাবের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, শুধু পুথিগত শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। বিজ্ঞানমনস্ক ও মেধাভিত্তিক সমাজ গঠনে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এই ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান, ভাষা, সংস্কৃতি ও যুক্তিতর্কের চর্চায় নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে এবং শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা চর্চাকে বেগবান করতেও সাহায্য করবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বাড়াতে হবে। ক্লাবভিত্তিক কার্যক্রম সেই সুযোগ সৃষ্টি করবে। এসব ক্লাবের কার্যক্রম উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি নিয়মিত খোঁজ নেবেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করবেন বলেও জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী রওশন খান তুবা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিশা জানিন মাহা। তারা বিদ্যালয়ে এমন উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :