
বারহাট্টা প্রতিবেদক. নেত্রকোণার বারহাট্টায় প্রতিবেশীর করা একটি মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুর সাড়ে ১২টায় বারহাট্টা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ভুক্তভোগী আরাফাত ইসলাম ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। গ্রামের বাসিন্দা মোছা. সাবিনা আক্তার তাঁরসহ আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে ময়মনসিংহের জেলা ও দায়রা জজের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে বলা হয়, সাবিনা আক্তার ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ মামলা করেছেন। তাঁর পরিবারের সঙ্গে আরাফাত ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে এবং সেসব মামলার রায় তাঁদের পক্ষে এসেছে বলে দাবি করা হয়। প্রতিপক্ষ অন্য কোনোভাবে তাঁদের পরিবারকে হেয় করতে না পেরে এ মামলা করেছে বলেও অভিযোগ করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে মামলার এক নম্বর সাক্ষী মো. ইফতি মিয়া ও তিন নম্বর সাক্ষী কামরুল মিয়া উপস্থিত ছিলেন। ইফতি মিয়া বলেন, মামলার ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। অথচ তাঁকে মামলার এক নম্বর সাক্ষী করা হয়েছে। তিনি এ মামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
কামরুল মিয়া বলেন, তাঁকেও মামলার সাক্ষী করা হয়েছে, কিন্তু তিনি এ বিষয়ে কিছু জানেন না। তাঁর দাবি, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে এবং এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস হয়েছে। তিনি মামলাটিকে ভুয়া আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।
আপনার মতামত লিখুন :