বিশেষ প্রতিনিধি. নেত্রকোনা ‘বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী, উদার ও প্রগতিশীল হতে শেখায়। বিজ্ঞানমনস্ক মানুষ কখনো কূপমণ্ডূক হতে পারেন না। এসব মানুষ কোন রকম কুসংস্কার, গুজব কিংবা অন্ধবিশ্বাসে আচ্ছন্ন থাকে না। তারা যুক্তি, পর্যবেক্ষণ ও প্রমাণের ভিত্তিতে চিন্তা করে এবং সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। আর একথা স্পষ্ট আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে হবে।’ শুক্রবার বিকেলে নেত্রকোনা -২ (সদর -বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি চিকিৎসক মো. আনোয়ারুল হক শিক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠানটির আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্প। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এ সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী।
আনোয়ারুল হক বলেন, ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা তৈরি হবে। নতুন নতুন ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা অর্জন করতে হবে। বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাবই আগামী দিনের বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তি।’ মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সদর উপজেলা ছাড়াও জেলার ১০টি উপজেলাতে এই অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে। প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
পূর্বধলায় জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে ২২টি স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করে। আটপাড়ার ইউএনও মো. শাহনুর রহমানের সভাপতিত্বে বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়।
বারহাট্টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে ইউএনও সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে১৭টি স্টলের মধ্যে প্রথম হয় বাউসি অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মোহনগঞ্জের উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও আমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা প্রকল্পগুলো পরবর্তীতে জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।



আপনার মতামত লিখুন :