Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ / ১৯৩
নেত্রকোণায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি. স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে নেত্রকোণায় শিক্ষকরা নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন তারা। তাদের দাবী নিয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. শামছুল আলম,সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, অর্থসম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

শিক্ষক নেতাদের দাবি, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদনের পর ১৯৮৪ সালে প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে এসব মাদ্রাসার শিক্ষকদের জন্য ভাতা চালু করা হয় এবং ২০০১ সালে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তির ব্যবস্থা করা হয়।

তবে ২০১৩ সালে সরকার দেশের ২৬ হাজারের বেশি রেজিস্ট্রেশনকৃত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
নেত্রকোনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি মো. শামছুল আলম বলেন, “স্বীকৃতি থাকলেও আমাদের কোনো বেতন-ভাতা নেই, চাকরির নিশ্চয়তা নেই। এতে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যোগ্য শিক্ষকরা এই পেশা ছেড়ে যাচ্ছেন।”


সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান বলেন, “অন্তর্বতীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

শিক্ষকদের একমাত্র দাবি হলো ২০২৫ সালের ২৮ জানুয়ারির ঘোষণার আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে দ্রুত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা। পরে তারা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মরকলিপি দেন।

এদিকে শিক্ষকরা আশা করছেন, তাদের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন হবে এবং এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নতুন গতি আসবে।

 

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

শিক্ষা বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর