
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে বিপ্লব কুমার সাহা নামে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় দয়াময় আশ্রম সংলগ্ন সারের গোডাউনে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদেরকে সরকার নির্ধারিত মূল্যের থেকেও অধিক মূল্যে সার কিনতে হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের সারের ডিলার বিপ্লব কুমার সাহার সারের গোডাউনে অভিযান পরিচালনা করেন। এসময় সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ওই ডিলারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সার সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত এই অভিযান চলমান থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুশ শাকুর সাদীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত রবিবার উপজেলার গাগলাজুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার গোলাম রাব্বানীকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :