
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে ১০ হাজার ২২০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকায় মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল অবস্থান নেয়। পরে সকাল ৭টার দিকে ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর-অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে সোহেল রানাকে ১০ হাজার ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর পরপরই এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, আটককৃত সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :