
দিলোয়ার হোসেন তালুকদার
নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। ‘‘সাম্য ও সমতায় – দেশ গড়বে সমবায়’’ এই প্রতিপাদ্যে শনিবার (১ নভেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ. জিন্নাহ্, অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সমবায়ী নেতা নবী হোসেন ও আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন সমবায় সমিতির মধ্যে শ্রেষ্ঠ সমবায় হিসেবে ইউনিটি মাল্টিপারপাস, পিপুল নারি ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ও উষা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :