
দুর্গাপুরে চোরাই পথে আনা ২০০ পিস ভারতীয় কম্বল জব্দ, একজন আটক
দিলোয়ার হোসেন তালুকদার
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২০০ পিস ভারতীয় কম্বলসহ এক ব্যক্তিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। জব্দকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ পনেরো হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদী দিয়ে ভারতীয় কম্বল পাচারের উদ্দেশ্যে ট্রলারে বোঝাই করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কম্বলবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন চোরাকারবারি পালিয়ে গেলেও সোহেল মিয়া (৪৮) নামে একজনকে আটক করা হয়। তিনি চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।
ওসি মাহমুদুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা দুইটি ব্র্যান্ডের মোট ২০০ পিস ভারতীয় কম্বলসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় The Special Powers Act, 1974 এর ধারা ২৫(বি)(১)(খ)/২৫(ডি) অনুযায়ী মামলা রুজু করে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “চোরাচালান দমনে দুর্গাপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :