
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চিকিৎসক ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় করেছেন ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সভাপতি ও এনবিআরের সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলামের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলাম, হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুন নেছা, ডা. নিগার সুলতানা মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক রিপন কুমার বনিক, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে কাজী ইমদাদুল হক হাসপাতালের পুরুষ ওয়ার্ড, মহিলা ও শিশু ওয়ার্ড, বহিঃবিভাগ, চক্ষু বিভাগ এবং জরুরি বিভাগ পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, এই হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসার সরঞ্জাম স্বাভাবিক থাকার পরও জনবল সংকটে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। এমনকি আধুনিক অপারেশন থিয়েটার থাকার পরও সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। এতে হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগের চিত্রই উঠে আসে। কাজী ইমদাদুল হক আরও বলেন, আমি যথাশীঘ্র নেত্রকোনার সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের উর্ধতন কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চলমান সংকট নিরসনের জন্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য কতৃপক্ষকে অনুরোধ জানাবো।
আপনার মতামত লিখুন :