
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে রায়হান আহমেদ ইদু মিয়া (২০) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
ইদু মিয়াকে গলাকেটে হত্যার অভিযোগে উপজেলার ছয়াশী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. রফিক ওরফে হাবু ওরফে আবু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী (হাটনাইয়া) এলাকা থেকে মোহনগঞ্জ থানার পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আবু।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে রাতে মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর শিবির এলাকার বাসিন্দা রায়হান আহমেদ ইদু মিয়া নিখোঁজ হয়। পরে স্থানীয়রা আদর্শনগরের শিবির এলাকার পরিত্যক্ত একটি ভবনে ইদু মিয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে ওই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো. সুমন মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটনে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। এরই এক পর্যায়ে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উন্মোচন করে। পরে সোমবার উপজেলার ছয়াশী এলাকা থেকে পুলিশ রফিক ওরফে হাবু ওরফে আবুকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে আবু। পরে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হলে আবু সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
স্বীকারোক্তির বিষয়ে পুলিশ জানায়, মোশারফ হোসেন নামে একজনের সঙ্গে অনলাইনে জুয়া খেলা সংক্রান্ত আর্থিক বিরোধ ছিলো ইদু মিয়ার। এরই জের ধরে গত ২৬ মে রাতে মোশাররফ, আবুসহ আরও কয়েকজন ইদুকে কৌশলে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায়। পরে ইদু মিয়ার মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এবং তার গলা কেটে হত্যা করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এই ঘটনার রহস্য উদঘাটনে একটি সিসিটিভি ফুটেজ আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করেছে। মূলত অনলাইন জুয়া খেলা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। হত্যায় জড়িতদের মধ্য থেকে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :