
বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনায় কৃষকদের জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করার লক্ষ্যে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য এবং কৃষি উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক সালমা আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরিন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখি পোদ্দারের সঞ্চালনায় বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী, প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং কর্মকর্তা সালাহ উদ্দিন কায়সার, উপজেলা সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সমাজকর্মী ও বিএনপি নেতা জহিরুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালমা আক্তার বলেন, ‘বাংলাদেশের কৃষি এখন শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নেই। কৃষিকে পুষ্টিনির্ভর, লাভজনক ও বাজারমুখী খাতে পরিণত করতে হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে পারলে উৎপাদন বাড়ার পাশাপাশি তাঁদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে। পার্টনার ফিল্ড স্কুল সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখছে।’
ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ‘দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। মাঠপর্যায়ে কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি চর্চা সময়ের দাবি। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ফিল্ড স্কুল কার্যক্রম কৃষির উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে।’
সভাপতির বক্তব্যে রেহনুমা নওরিন বলেন, ‘পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, নিরাপদ চাষাবাদ ও কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফিল্ড স্কুলের সদস্যরা মাঠপর্যায়ে অর্জিত অভিজ্ঞতা অন্য কৃষকদের সঙ্গে ভাগাভাগি করছেন, যা কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।’
সমাজকর্মী ও বিএনপি নেতা জহিরুল হক বলেন, ‘কৃষকের জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ছাড়া কৃষির টেকসই উন্নয়ন সম্ভব নয়। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে আমাদের কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য চাষাবাদ এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রম জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে অর্জিত সফলতা, উদ্ভাবনী উদ্যোগ ও কৃষকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষি উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।’
আপনার মতামত লিখুন :