দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের আশ্বাস দ্রুত সমীক্ষা কাজ এগিয়ে চলছে : রেলপথ প্রতিমন্ত্রী
বাংলার নেত্র
প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ /
৩১
আরাফাত আজাদ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে রেলপথ সম্প্রসারণ ও আধুনিকায়নের নতুন আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। বুধবার বিকেলে দুর্গাপুর উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, ঝারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা ও জরিপ কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। একটি বড় প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হলেও সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, “খুব শিগগিরই দুর্গাপুরবাসী রেল যোগাযোগের সুফল ভোগ করতে পারবেন। রেললাইন চালু হলে এ অঞ্চলের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা হবে।”
সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে এলাকায় পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। রেললাইন স্থাপন হলে পাহাড়ি জনপদ দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক হবে।
তিনি আরও বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই চেতনাকে ধারণ করে সবাইকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি উন্নয়নবিরোধী ও অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে এর মহাপরিচালক আফজাল হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, রেললাইন বাস্তবায়িত হলে দুর্গাপুরের সঙ্গে সারা দেশের যোগাযোগ সহজতর হবে এবং শিক্ষা, পর্যটন ও জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।
আপনার মতামত লিখুন :