
দিলোয়ার হোসেন তালুকদার,
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩নং চন্ডিগড় ইউনিয়নের আলেম সমাজের উদ্যোগে, এলাকার সর্বস্তরের আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এবং সঞ্চালনা করেন মুফতি ওয়ালীউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান পাঠান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ খাদেমুল ইসলাম, মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা হারুন অর রশীদ, জিয়াউর রহমান, মো. ইব্রাহীম, জামাল উদ্দিন, শরাফ উদ্দিন, ফরিদ আহমেদ, মুফতি এনায়েত উল্লাহ, মুফতি মামুনুর রশীদ, কৃষিবিদ মাওলানা রায়হানুল হক ও মাওলানা আব্দুর রউফ।
বক্তারা বলেন, “বিগত ১৭ বছর আলেম-ওলামারা স্বাধীনভাবে কথা বলতে পারেননি। ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম সমাজকে বারবার অপমানিত হতে হয়েছে। শাপলা চত্বরে আলেমদের নির্যাতনের ঘটনাও আমাদের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়েছে।”
তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে যিনি কাজ করছেন, জনগণের অধিকার নিয়ে কথা বলছেন—তাঁকেই পরবর্তী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে হবে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ।
আপনার মতামত লিখুন :