
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক এনজিও কর্মীকে মারধর করে টাকা, মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইয়ের শিকার মো. তহিদ উল্লাহ (৪৫) বেসরকারি সংস্থা ‘আশা’র সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার।
এ ঘটনায় বুধবার কলমাকান্দা ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জেরশাদ হোসেন তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, মঙ্গলবার অফিসিয়াল কাজে গাজীপুরের বোর্ড বাজার-২ ব্রাঞ্চ থেকে কলমাকান্দার বাউসাম ব্র্যাঞ্চে আসেন তহিদ উল্লাহ। কাজ শেষে বাউসাম বাজার থেকে অটোরিকশায় কলমাকান্দা ফেরার পথে বাউসাম গ্রামের সেতুর কাছে পৌঁছালে ওই অটোরিকশার চালকসহ আরও দুইজন মিলে তাকে মারধর করে ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও কাপড়ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :