বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় এক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা বলেছেন, নারী–পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে হলে সমাজের সব ধরনের বৈষম্য দূর করা জরুরি। তাঁরা মনে করেন, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের কারণেই নারীরা এখনও তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
আজ সোমবার (২০ এপ্রিল) নেত্রকোণা পৌরসভার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। সংস্থাটির বাস্তবায়নাধীন ‘অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মারজিনালাইজ্ড পিপল (আওয়াম)’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন, জেন্ডারভিত্তিক সহিংসতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমতা বিষয়ে সচেতনতা বাড়াতে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী তানভীর জাহান চৌধুরী এবং বাচিক শিল্পী শিল্পী ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন সংস্থাটির কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী ও উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ।
অনুষ্ঠানের শুরুতে ‘শুধু আইন নয়, শিক্ষা ও সচেতনতাই পারে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে’—বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তিতর্কে প্রাণবন্ত হয়ে ওঠা এ প্রতিযোগিতায় বিচারকদের রায়ে পক্ষ দল বিজয়ী হয়।
পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন। পাশাপাশি ইয়ুথ গ্রুপের নাট্যদলের সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে নাটিকা ও লোকসংগীত পরিবেশন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দুটি ইস্যু। স্কুল পর্যায়ে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের সচেতন করে তুলবে এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁরা পরিবার ও সমাজে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গভেদ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ছাড়াও কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুপ ও নারী দলের প্রায় ২০০ জন অংশ নেন। এর আগে, গত ১৬ এপ্রিল একই স্কুলে ‘জলবায়ু পরিবর্তন রোধে কেমন পরিবেশ চাই’—বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :