
দিলোয়ার হোসেন তালুকদার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা-১ আসনের খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি উপস্থিত সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, জনগণের অধিকার বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। তিনি তার নির্বাচনী এলাকার সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমান গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।
তিনি জানান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো ও হাজংসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে পর্যায়ক্রমে জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন, “আজ খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিরা এসেছেন। ভবিষ্যতে ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিত, গারো ও হাজং প্রতিনিধি দল, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক-শ্রমিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা সংসদ সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।”
ডেপুটি স্পিকার বলেন, “এই সংসদ জনগণের সংসদ। আমি আমার এলাকার ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়েছি এবং তাদের কারণেই আজ সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি। তাই তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে।”
এ সময় তিনি নিজের দায়িত্ব পালনে সফলতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
আপনার মতামত লিখুন :