
দিলোয়ার হোসেন তালুকদার
বাংলাদেশ থেকে দখলবাজীর রাজনীতিকে চিরতরে বিদায় করতে ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা গতানুগতিক কোনো নির্বাচন নয়; এটি দুর্নীতি ও গুন্ডামির বিরুদ্ধে এবং জুলাই চেতনাকে বাস্তবায়নের নির্বাচন।
বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর কলেজ মাঠে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই চেতনা বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ব্যালটে ভোট দিতে হবে। নেত্রকোনা-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী গোলাম রব্বানীকে রিকশা প্রতীকে ভোট দিয়ে গরিব মানুষের প্রতিনিধিত্ব সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি। আল্লামা মামুনুল হক বলেন, সংসদ শুধু বড়লোক বা জমিদারদের আড্ডাখানা থাকবে না; এটি হবে দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্বের সংসদ।
সমাবেশে আল্লামা জিয়া উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী গোলাম রব্বানী, পূর্বধলা-৫ আসনের জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা। এছাড়া জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস ও এনসিপির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :