Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় কেন্দ্র স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ / ৮২
কলমাকান্দায় কেন্দ্র স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে নতুন করে আরেকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের কাছে স্মারকলিপি জমা দিয়েছে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে তারা এই স্মারকলিপি প্রদান করেন।

সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে কলমাকান্দা সরকারি কলেজ ভেন্যুকেন্দ্রে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়, বিশরপাশা হরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও বটতলা উচ্চ বিদ্যালয় এই চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়ে আসছে। সম্প্রতি কলেজ ভেন্যুকেন্দ্রটি বাতিলের খবর ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, উপজেলা সদরে মাত্র দুটি স্থায়ী কেন্দ্র থাকায় আসন সংকট তৈরি হতে পারে। আর আশপাশে অতিরিক্ত কেন্দ্র না থাকায় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৮ কিলোমিটার দূরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভোগান্তিকর।

এসএসসি পরীক্ষার্থী তানীন আহম্মেদ সানী বলেন, ‘আমাদের দাবি ন্যায্য। সদরে আরেকটি কেন্দ্র স্থাপন করলে আমাদের ভোগান্তি অনেক কম হবে ।’

অভিভাবক মো. শাহবাজ মিয়া বলেন, ‘১৮ কিলোমিটার ভাঙাচোরা রাস্তা পাড়ি দিয়ে সন্তানদের নাজিরপুরে পরীক্ষা দিতে পাঠানো খুব কষ্টকর হবে। আমরা উপজেলা সদরে নতুন কেন্দ্র চাই।’

কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসাইন বলেন, শুনেছি সরকারি সিদ্ধান্ত মোতাবেক কলেজের ভেন্যুকেন্দ্রটি বাতিল করা হয়েছে। এখন উপজেলায় মাত্র দুটি কেন্দ্র রয়েছে। কেন্দ্র দুটিতে ছাত্র/ছাত্রীদের আসন সংকট দেখা দিতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরে আমরা যোগাযোগ করেছি। যাতে উপজেলা সদরে আরেকটি নতুন কেন্দ্র স্থাপন করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, সরকারি কলেজের ভেন্যুকেন্দ্রটি সরকারিভাবে বাতিল হওয়ায় এখন দুটি কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পাইলট বিদ্যালয়ে সম্ভাব্য আসন সংকটের বিষয়টি তারা শিক্ষাবোর্ডকে জানাতে প্রধান শিক্ষককে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, আমরা ইতিবাচক প্রতিবেদন দেব। আশা করছি নতুন কেন্দ্র স্থাপন সম্ভব হবে।’

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রেরিত চিঠিতে জানানো হয়, রাজনৈতিক প্রভাব ও চাপের কারণে কোথাও অতিরিক্ত কেন্দ্র এবং কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও কেন্দ্র স্থাপন করা হয়নি। এ অবস্থায় নেত্রকোনা জেলার কেন্দ্র পুনঃনির্ধারণে জেলা প্রশাসকের মতামত চাওয়া হয়। মতামত পাঠানোর শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর