
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
সাত বছর বয়সী মোকাব্বির হোসেন রানা জন্মের পর থেকেই মাথায় টিউমার নিয়ে বছরের পর বছর ধরে যন্ত্রণায় কাতর ছিল। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হওয়ায় বাবার পক্ষে উন্নত চিকিৎসার খরচ বহন করা ছিল একেবারেই অসম্ভব। অবশেষে শুক্রবার রাতে ঢাকার নিওরোসাইন্স হাসপাতালে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছে রানা। তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রানা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল হান্নান স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে কোনোরকমে দিন কাটান তিনি। বড় মেয়ে রাইসা স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে আর ছোট মেয়ের বয়স মাত্র ১৫ মাস। প্রতিদিনের অভাব-অনটনের সঙ্গে লড়াই করেই চলে এই পরিবারের জীবন। এর মধ্যে ছেলের জটিল রোগের চিকিৎসার খরচ মেটানো হান্নানের কাছে অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়ভাবে সাহায্যের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে তিনি ছেলেকে নিয়ে যোগাযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে। শিশুটির করুণ অবস্থা দেখে কায়সার কামাল মানবিক কারণে এগিয়ে আসেন। তিনি চিকিৎসার সব ব্যয়ভার নিজের দায়িত্বে গ্রহণ করেন এবং দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেন।
শিশুটির বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার ছেলের মাথার টিউমারের চিকিৎসার জন্য অর্থের অভাবে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু কায়সার ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। উনি সহায়তা না করলে আমার সন্তানের অপারেশন করানো সম্ভব হতো না। আমি ও আমার পরিবার তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আর্ত-মানবতার সেবায় বিএনপি—এটাই আমাদের নেতা তারেক রহমান সাহেবের স্লোগান। সেই স্লোগানকে ধারণ করেই আমি কলমাকান্দা ও দুর্গাপুর অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় মাথায় টিউমার নিয়ে জন্মানো রানার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলাম। আল্লাহর রহমতে এখন রানা সুস্থ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। তিনি আরও বলেন, “আমার একান্ত প্রচেষ্টা থাকবে যাতে কলমাকান্দা-দুর্গাপুরের কোনো অসহায় মানুষ চিকিৎসার অভাবে কষ্ট না পায়। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :