Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ ২ মাঝির লাশ উদ্ধার


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ / ২৭৬
মোহনগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ ২ মাঝির লাশ উদ্ধার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে সাতমা-ধলাই নদীতে বালু বোঝাই একটি বাল্কহেড নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই মাঝির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার আদর্শনগর বাজার সংলগ্ন ধলাই নদীতে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে, গত সোমবার দিবাগত রাতে নদীর প্রবল স্রোতে ওই বাল্কহেড নৌকাটি ডুবে যায়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত নেত্রকোনার পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের আব্দুল হক, একই গ্রামের মারুফ মিয়া ও জিয়াউর রহমান মিলে বর্ষাকালে নৌকাযোগে কলমাকান্দাসহ বিভিন্ন স্থান থেকে বালু সংগ্রহ করে নৌপথে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বালু বোঝাই নৌকা নিয়ে উপজেলার সাতমা-ধলাই নদীর ভাটি সুয়াইর ব্রিজের নিচে নোঙর করে তারা রাত্রিযাপন করছিলেন। নৌকার ভেতরে আব্দুল হক (৪৫), মারুফ মিয়া (২৬) ও জিয়াউর রহমান (২২) ঘুমিয়ে থাকা অবস্থায় ভারী বৃষ্টির পানি জমে নৌকাটি ব্রিজের নিচে নদীতে ডুবে যায়। এসময় নৌকার ভেতর থেকে অনেক চেষ্টায় আব্দুল হক বের হয়ে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও অন্য দুইজন নিখোঁজ হন। পরে মাঝি আব্দুল হককে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মোহগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এর পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যান। বুধবার দুপুরে ড্রেজার দিয়ে বাল্কহেড নৌকার ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচে থেকে মারুফ মিয়া ও জিয়াউর রহমানের লাশ উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নৌকা ডুবিতে নিখোঁজ দুইজনকে উদ্ধারে প্রথমে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি দল ও পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। অবশেষে ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরে থাকা বালু সরানো হলে ওই দুইজনের লাশ পাওয়া যায়। পরে ওই দুই লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর