
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে মৎস্য প্রজনন স্বাভাবিক রাখতে চিকাডুবি মৎস্য অভয়াশ্রমে অভিযান চালানো হয়েছে। এসময় নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে পোড়ানো হয়।
রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার ডিঙ্গাপোতা হাওরের চিকাডুবি মৎস্য অভয়াশ্রম এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বৈশাখ-জৈষ্ঠ্য মাসে ঘন-ঘন বৃষ্টি হওয়ার ফলে হাওর এলাকার নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে থাকা দেশীয় বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মা মাছগুলো কম পানিতে প্রজনন করে থাকে। আর এই সুযোগে স্থানীয় জেলেরা অবৈধ কারেন্ট জাল, মশারী জাল ও চায়না দুয়ারি জালসহ মাছ ধরার বিভিন্ন ধরণের অবৈধ ফাঁদ দিয়ে এসব ডিমওয়ালা মা মাছসহ মাছের পোনাগুলো নিধন করে। রবিবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় চিকাডুবি মৎস্য অভয়াশ্রমে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মৎস্য শিকারিরা এসময় দ্রুত পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নির্দেশে ৭টি চায়না দুয়ারি ও ৫টি কারেন্ট জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, চিকাডুবি মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। আর জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :