
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ মিয়া (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের সামনের বিলে তাদের দগ্ধ লাশ দেখতে পান এলাকাবাসী।
শনিবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের বাসিন্দা মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ মামাতো-ফুফাতো ভাই। শুক্রবার বিকেলে তারা দু’জন মিলে গ্রামের সামনে থাকা বিলে মাছ শিকার করতে যায়। এসময় সেখানে বজ্রসহ ভারি ঝড়বৃষ্টি শুরু হয়। তারা কোনো নিরাপদ আশ্রয় না পেয়ে বিলের পাশে থাকা একটি গাছের নিচে আশ্রয় নেয়। পরে আকস্মিক বজ্রপাতে তাদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেলে তারা ঘটনাস্থলেই মারা যায়। সন্ধ্যা অবধি পাপ্পু ও তানজিদ বাড়ি না ফিরলে তাদের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন বিল সংলগ্ন একটি গাছের পাশে দগ্ধ অবস্থায় তাদের লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে জানায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :