
কলমাকান্দা প্রতিনিধি. বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক নেতা। দেশের প্রতি তার যে মমত্ববোধ ও দায়বদ্ধতা ছিল, তা বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক নেতাকর্মীদের জন্য অনুকরণীয়।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে নেত্রকোণার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলমাকান্দা বাজারের সর্বস্তরের ব্যবসায়ী এ শোকসভার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের আহ্বায়ক এম আলমগীর, সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, মুফতি মামুনুর রশিদ, মাওলানা রুহুল আমিন ও ব্যবসায়ী যাদব সরকার প্রমুখ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কর্মময় জীবনে দেশের মানুষের জন্য অসামান্য অবদান রাখার কারণে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি পুরো বাংলাদেশের নেত্রী ও অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের কথা বলেছেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপসের পথ বেছে নিলে বেগম খালেদা জিয়া আরাম-আয়েশে জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার প্রশ্নে তিনি কোনো আপস করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন।
পোস্টাল ব্যালট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পোস্টাল ব্যালট বাংলাদেশের জন্য একটি নতুন বিষয়। এটি যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাহরাইনসহ বিভিন্ন দেশে চালু রয়েছে। তবে পোস্টাল ব্যালট পেপার কোনো অফিসে থাকার কথা নয়। যিনি অনলাইনে আবেদন করেছেন, ব্যালট তার ঠিকানায় পৌঁছানোর কথা।
তিনি বলেন, সম্প্রতি কিছু ভিডিও ও সংবাদে দেখা গেছে বিভিন্ন অফিসে শত শত পোস্টাল ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছে জাতি। পোস্টাল ব্যালট সংক্রান্ত যে আইন রয়েছে, তা যথাযথভাবে অনুসরণ করা এবং কীভাবে এসব ব্যালট লিক হয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জরুরি।
আপনার মতামত লিখুন :