
দিলোয়ার হোসেন তালুকদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্যপ্রার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক মণ্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. ওয়াহিদুজ্জামান। এছাড়া দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রার্থীরাও বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “অতীতের মতো কেউ যদি নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে সে চিন্তা এখনই পরিহার করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যালটের গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং আগের রাতেই ভোটের প্রস্তুতি শেষ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না।”
তিনি আরও বলেন, “আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা শুরু হবে। আপনারা নিজেরা ভোট দেবেন এবং অন্যদের ভোটদানে উৎসাহিত করবেন। বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতেই। নির্বাচনে আপনার আচরণ সুন্দর হলে এলাকাও সুন্দর থাকবে।”
সভায় সকল শ্রেণি-পেশার মানুষের সৌজন্যমূলক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। রাজনৈতিক আচরণকে নির্বাচনী আচরণে রূপান্তর করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :