
বিশেষ প্রতিনিধি. বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোণা কেন্দ্রের উদ্যোগে অদ্য ৩০ডিসেম্বর নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে নারী দল সদস্য, সরকারী বেসরকারী কর্মকর্তা, সিএসও প্রতিনিধিদের মধ্যে এক সংলাপ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইমেন অ্যান্ড মারজিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠানটি পূর্ব কাটলী বিএনপিএস এমএফটি হলরুমে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা লেখক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ। সংলাপের শুরুতেই সংলাপের উদ্দেশ্য ও মূল বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিএনপিএস নেত্রকোণা কেন্দ্রের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী।সংলাপে বিষয়বস্তুর উপর আলোচনা করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রউফ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা লুৎফা বেগম, নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর এসএম ছাদরুল কবির, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা কিবরিয়া খান, ব্রাক জেন্ডার এন্ড ডাইভারসিটি কর্মসূচির জেলা ব্যবস্থাপক সেলিনা বেগম, জেলা উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান, আইনজীবী পূরবী কুন্ডু, কুনিয়া কমিউনিটি ফোরাম সভাপতি কামাল হোসেন, মইনপুর ইয়ুথ গ্রুপের সভাপতি আতাউর রহমান তারা, নারীদল নেত্রী মুক্তা বেগম, মনি আক্তার ও চঞ্চলা দেবনাথ প্রমুখ।
সংলাপে সেবার ধরন, সেবা গ্রহণের অভিজ্ঞতা, বাঁধা, সেবা প্রাপ্তির যোগ্যতা এবং সেবা গ্রহণে সহজীকরন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করে সংলাপকে সমৃদ্ধ করা হয়। সংলাপ শেষে সকলেই একমত হন যে দেশের অর্ধেক নারী সমাজ ও প্রান্তিক জনগোষ্টীকে উন্নয়নের অংশীদার হতে বঞ্চিত করে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না, আর এজন্য দরকার নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চাহিদা সম্পন্ন যুগোপযোগী সেবার মান। তাছাড়া সেবা গ্রহীতাকেও সচেতন হতে হবে। কোথায় কখন কার জন্য কি কি সেবা দেয়া হয় সেই বিষয়ে সঠিক তথ্য সহ নিজেদের সচেতন করতে হবে। পাশাপাশি সরকারী প্রতিষ্ঠান সমূহকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ও আরো আন্তরিক হওয়ার জন্য সিএসও প্রতিনিধিদের পক্ষ হতে আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :