
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম রব্বানীর নাম ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার প্রতিবাদ জানিয়ে তার প্রার্থীতা বাতিল ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, দলবদলের রাজনীতির জন্য গোলাম রব্বানী দীর্ঘদিন ধরেই আলোচিত-সমালোচিত। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পর এবার তিনি চতুর্থবারের মতো দল পরিবর্তন করে খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। তার এমন রাজনৈতিক চরিত্র ও অতীত কর্মকাণ্ডে স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সমালোচনা চলছে। বক্তারা দাবি করেন, তার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভূমি দখলের অভিযোগ রয়েছে। এ অবস্থায় তাকে রিকশা প্রতীক দিয়ে প্রার্থী করা অত্যন্ত বিতর্কিত সিদ্ধান্ত।
বক্তারা খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির কাছে গোলাম রব্বানীর প্রার্থীতা বাতিলের জোর দাবি জানান। পাশাপাশি তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন গোলাম রব্বানী। ১৯৮৬ সালে তিনি কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের জাতীয় পার্টির প্রার্থী হয়ে ভোট কেটে এমপি নির্বাচিত হন। পরে ২০০৬ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং মনোনয়ন পেলেও নির্বাচন স্থগিত হওয়ায় তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। ২০০৯ সালে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বলে অভিযোগ রয়েছে। এরপর ২০১৮ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইলে না পেয়ে পুনরায় জাতীয় পার্টিতে যোগ দেন এবং ২০২৪ সালের নির্বাচনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা কমিটির নেতা রিফাত আহমেদ, রাজু, দুর্জয়, তামিম হাসান, রাকিব মিয়া, ইফতি, হৃদয় ও জারিফ।
আপনার মতামত লিখুন :