
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক.
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে হিট (Higher Education Acceleration and Transformation) প্রকল্পের সাব-প্রজেক্টের উদ্যোগে আজ ‘গবেষণা-পদ্ধতি’ শীর্ষক একটি প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের গবেষণার দক্ষতা ও পদ্ধতিগত জ্ঞান বৃদ্ধি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণে মুখ্য প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি গবেষণা-প্রক্রিয়ার বিভিন্ন দিক যেমন বৈজ্ঞানিক পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণাপত্র লেখার নীতি এবং সমসাময়িক গবেষণায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। যিনি গবেষণা-প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর ব্যবস্থাপনার দিকগুলো তুলে ধরেন।
প্রশিক্ষণের শুরুতে হিট প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় ও এর কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও বাংলা বিভাগের প্রভাষক ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘গবেষণার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিই হিট প্রকল্পের মূল উদ্দেশ্য।’ প্রশিক্ষণ শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মো: আমীনুল ইসলাম, এএসপিএম ও প্রভাষক, অর্থনীতি বিভাগ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সামিয়া রহমান, সদস্য, সাব-প্রজেক্ট, হিট ও প্রভাষক, বাংলা বিভাগ।
প্রশিক্ষণটি শিক্ষকদের মধ্যে গবেষণামূলক চিন্তাভাবনা এবং পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিপন্ন হলো। উপস্থিত শিক্ষকরা প্রশিক্ষণটি অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষণীয় বলে মন্তব্য করেন।
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় হিট প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে আরও শিক্ষাগত কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন চালিয়ে শিক্ষকদের পেশাদারিত্ব ও গবেষণার মান উন্নয়নের প্রতিশ্রুতি রাখছে।
আপনার মতামত লিখুন :