Banglarnetro
Dr. Neem Hakim

ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ / ২৭৭
ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
মসজিদের ইমাম দম্পতিকে রাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পৌরশহরের ঈদগাহ মাঠে ‘ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা জিয়া উদ্দিন সাহেব এবং সঞ্চালনা করেন মাওলানা ওলি উল্লাহ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, মাওলানা আব্দুর রউফ, মুফতি মামুনুর রশীদ, মুফতি হাবিবুর রহমান, হাফেজ রুহুল আমীন সিরাজীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও তার স্ত্রীকে রাতভর নির্যাতন ও অপমানের যে ঘটনা ঘটেছে তা ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। ইতিমধ্যে ঘটনার প্রধান আসামী জহিরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করলেও অন্যান্য আসামিরা এখনো পলাতক। তারা আড়াল থেকে মামলার বাদী শিক্ষককে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, “একজন নিরপরাধ মাদরাসা শিক্ষক ও তার স্ত্রীর উপর এমন নির্যাতন আমরা মেনে নেব না। অবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, নইলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

আলোচনা শেষে বিভিন্ন এলাকার মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ মাঠে এসে সমাপ্ত হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণে এবং নির্যাতিত শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা জিয়া উদ্দিন সাহেব।

আইন-আদালত বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর