
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় নেত্রকোনার কলমাকান্দায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। নেত্রকোনা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান, পার্টনার প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ড. মো. সালাউদ্দিন কায়সার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. খায়ের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস আহমেদ, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম প্রমুখ।
আপনার মতামত লিখুন :